
আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টারঃ
উত্তর বঙ্গের অন্যতম সবজি চাষে খ্যাত রাজশাহীর পুঠিয়ায় এই বছরে বেগুনের হলুদ ভাইরাসে বেগুন চাষিরা বিপাকে। গত বছর থেকে এই হলুদ ভাইরাসে বেগুন গাছ আক্রান্ত হলেও চলতি বছরে এই ধরনের আক্রমণ আরো অনেক বেশি মনে করছেন বেগুন চাষিরা। এই রোগের আক্রান্তের কারণে এই বার বেগুন উৎপাদন অনেকাংশ কম হবে বলে মনে করছেন সবজি ব্যবসায়ীরাও।

সরজমিনে গিয়ে দেখা যায় গাছ রোপনের বিশ থেকে পঁচিশ দিনের মাথায় এই ভাইরাস দেখা যাচ্ছে এবং আস্তে আস্তে পুরো গাছ এবং পুরোপুরি জমিতে বিস্তার লাভ করছে।
এই বিষয়ে জানতে কৃষক নিকটবর্তী উপ-সহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ ও পরামর্শ করে বিভিন্ন কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করেও তেমন কোন ফলাফল পাচ্ছেন না বলে জানান।
নামায গ্রামের ভুক্তভোগী কৃষক রাশেল এবং বালিয়াঘাটি গ্রামের কৃষক শামীম বলেন, হলুদ ভাইরাসে আক্রান্ত হলে বেগুন গাছ উপড়িয়ে তোলা ছাড়া কোন মেডিসিন নাই। আর এভাবে তুলতে তুলতে পুরো জমি ফাঁকা হয়ে যাচ্ছে। তাই মনে করছি এতো লস করে আর বেগুন ফসল করবো না।
এ বিষয়ে জানতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিভাষ সরকার বলেন, এটি বেগুনের মোজাইক ভাইরাস এটা দমনের জন্য জৈব বালাইনাশক ব্যবহার করলে কিছু রোধ হতে পারে।
বেগুন গাছের ভাইরাসের জন্য এই বছর লক্ষ্যমাত্রা বেগুন উৎপাদন অনেকাংশ কম হবে এবং এই ভাইরাস রোগ দমনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টিপাত করার আহ্বান জানান কৃষক ও ব্যবসায়িরা।


