
উত্তরের জেলা রাজশাহীতে আবারও জেগে উঠেছে বিপিএলের উত্তেজনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ অঞ্চলে ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে। গত রোববার ১২ অক্টোবর রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের অবকাঠামো ও সুবিধাসমূহ পরিদর্শন করেন বিসিবির তিন শীর্ষ কর্মকর্তাবাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম, পরিচালক খালেদ মাসুদ পাইলট।
তারা জানান, স্টেডিয়ামটির প্রায় ৭০ শতাংশ প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি কাজগুলো আগামী এক মাসের মধ্যে স্থায়ী ও অস্থায়ীভাবে শেষ করার পরিকল্পনা রয়েছে বিসিবির।

সম্প্রতি রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ‘ইমার্জিং’ দলের সিরিজে উপচে পড়া দর্শক সমাগমে নতুন করে প্রাণ ফিরে আসে রাজশাহীতে বিপিএল আয়োজনের আলোচনায়। এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজে উপস্থিত হয়ে পিচ ও আউটফিল্ড দেখে সন্তোষ প্রকাশ করেন এবং রাজশাহীতে বিপিএল আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
বিসিবির নতুন কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে উত্তরের এই শহরকে ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে ফেরানোর প্রতিশ্রুতির অংশ হিসেবেই রোববার সকালে পরিদর্শনে আসেন বিসিবির ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম, পরিচালক (অডিট) মোখলেসুর রহমান শামীম এবং পরিচালক খালেদ মাসুদ পাইলট।
তারা স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বেশ কিছু উন্নয়নমূলক সিদ্ধান্ত নেন। এর মধ্যে রয়েছে—
১২০ জন ধারণক্ষমতা সম্পন্ন আধুনিক প্রেস গ্যালারি,
ধারাভাষ্যকার বক্স ও স্টুডিও,
স্কোর রুম, দুটি রেডিও রুম, ডাউনলিংক রুম,
ব্রডকাস্ট পিসিআর ও ডাইনিং রুম,
জায়ান্ট স্ক্রিন স্থাপন,
গ্যালারির টয়লেট সংস্কার ও ২০টি মোবাইল টয়লেট স্থাপন,
স্টেডিয়াম সার্কুলার রোডের উন্নয়ন এবং
পুরো স্টেডিয়াম নতুন করে রং করা।
এছাড়া খেলোয়াড়দের ড্রেসিং রুম নিচতলায় স্থানান্তর এবং ফ্লাডলাইট সংস্কারেরও সিদ্ধান্ত নেয়া হয়।
বিসিবির ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম বলেন,
“বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য রাজশাহী স্টেডিয়ামের প্রায় ৭০ শতাংশ সক্ষমতা রয়েছে। আমরা আগামী এক মাসের মধ্যে বাকি অংশের কাজ সম্পন্ন করার পরিকল্পনা করেছি। পরিদর্শন প্রতিবেদন জমা দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ সংস্কার ব্যয় ও সময়সূচি চূড়ান্ত করবে।”
পরিদর্শন শেষে কর্মকর্তারা খেলোয়াড়দের থাকার জায়গা, অনুশীলন মাঠসহ অন্যান্য সুবিধাও ঘুরে দেখেন।
উল্লেখ্য, রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বিপিএলসহ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের লক্ষ্যে এর আগেও নয়বার পর্যন্ত পরিদর্শন ও পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়নের মুখ দেখেনি। তবে এবার বিসিবির নতুন নেতৃত্বের উদ্যোগে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে রাজশাহী স্টেডিয়াম।


