
বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থার আধুনিকায়ন এবং কৃষকের জীবনমান উন্নয়নে নতুন অঙ্গীকারের কথা জানালেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সদ্য যোগদানকৃত চেয়ারম্যান কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিন। তিনি বলেছেন, কৃষক হাসলে বাংলাদেশ হাসবে। তাই বরেন্দ্র অঞ্চলের কৃষি ও কৃষকের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

রোববার (১০ মে) রাজশাহীতে বিএমডিএ’র প্রধান কার্যালয়ে তাঁর যোগদান উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলী, বিভিন্ন সংগঠনের নেতা এবং কর্মচারীরা অংশ নেন।
সভায় নতুন চেয়ারম্যান বলেন, সাবেক চেয়ারম্যান মরহুম ড. এম আসাদুজ্জামানের স্বপ্ন ও আদর্শ অনুসরণ করে তিনি বিএমডিএকে আরও কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে চান। তিনি বলেন, “ড. আসাদুজ্জামান স্যার ছিলেন আমার শিক্ষক। তাঁর দেখানো পথ ধরেই আমি কাজ করতে চাই, যেন একদিন বরেন্দ্র অঞ্চলের মানুষও আমাকে স্মরণ করে।”
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিএমডিএ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের তুলনায় বিএমডিএ’র কর্মকর্তা-কর্মচারীরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বলে উল্লেখ করে তিনি বলেন, “যারা দেশের জন্য কাজ করবেন, রাষ্ট্রকেও তাদের জন্য কাজ করতে হবে। আমি চাই, এ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা মর্যাদা ও প্রাপ্য সুবিধা নিয়ে কাজ করুন।”
চেয়ারম্যান আরও বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন কর্মপরিকল্পনা নেওয়া হবে। কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রযুক্তিনির্ভর ও টেকসই উন্নয়ন কার্যক্রম জোরদার করার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মোঃ জাফুরুল্লাহ, মোঃ সাইফুল ইসলাম হিরোক ও মিসেস বদরুল লাইলি।
এ সময় বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, কৃষি ও মনিটরিং কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরে বিকেলে চেয়ারম্যান হাসান জাফির তুহিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরমংলা খাড়িসহ চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত ৫ মে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে কৃষিবিদ মোঃ হাসান জাফির তুহিনকে এক বছরের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।


