
মসজিদের জন্য মাইক কিনতে গিয়ে প্রাণ গেল দুই সহোদরের, আহত আরও দুইজন
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকাল প্রায় ১১টার দিকে বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাচেন প্রামাণিক। তারা দুজনই মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে।
আহতরা হলেন হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে চারজন যাত্রী একটি অটোরিকশাযোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা মেট্রো-ট-১২-৭৪৪৪ নম্বরের ক্যারেটবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। সকাল ১১টার দিকে বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে ট্রাকটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল খালেক প্রামাণিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাচেন প্রামাণিক মারা যান।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।


