
ঝুঁকিতে ব্যবসায়ী-পথচারী, দ্রুত স্থায়ী সংস্কারের দাবি
বানেশ্বর, (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ব্যস্ততম বানেশ্বর বাজারের সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বেরিয়ে পড়েছে পাথর। যানবাহনের চাকার আঘাতে এসব পাথর ছিটকে আশপাশের দোকান ও পথচারীদের দিকে পড়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এরই মধ্যে সোমবার (৩১ আগস্ট) সকালে বানেশ্বর বাজারের হাজী ওবায়দুল এন্ড সন্সের মার্সেল শোরুমের কাচের দরজা পাথরের আঘাতে ভেঙে গেছে। এতে শোরুমের সামনে কাচের টুকরো ছড়িয়ে পড়ে। ঘটনাটি বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
হাজী ওবায়দুল এন্ড সন্সের মার্সেল শোরুমের স্বত্বাধিকারী নেওয়াজ শরিফ পাপ্পু বলেন, সড়কের ওপর থাকা পাথর যানবাহনের চাকার আঘাতে ছিটকে এসে শোরুমের কাচের দরজায় লাগে। এতে দরজাটি ভেঙে যায়। দীর্ঘদিন ধরে সড়কের এমন অবস্থার কারণে ব্যবসায়ীদের আতঙ্কের মধ্যে ব্যবসা করতে হচ্ছে বলেও জানান তিনি।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের দীর্ঘসূত্রতা ও দায়সারা সংস্কারের কারণে গুরুত্বপূর্ণ এ সড়কটি দিনের পর দিন বেহাল অবস্থায় পড়ে আছে। মাঝেমধ্যে সংস্কারের কাজ করা হলেও তা টেকসই না হওয়ায় অল্প সময়ের মধ্যেই পিচ উঠে গিয়ে আবার পাথর বেরিয়ে পড়ে।

ব্যবসায়ীরা জানান, বানেশ্বর বাজারে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন চলাচল করে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় সড়কে থাকা পাথর চাকার নিচ থেকে ছিটকে আশপাশের দোকানে গিয়ে পড়ে। এতে দোকানের কাচের দরজা ও শোকেস ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ক্রেতা ও পথচারীদের আহত হওয়ার আশঙ্কাও রয়েছে।
জাহীদ নামের এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দোকানে বসে ব্যবসা করব, নাকি কখন পাথর ছিটকে এসে কাচ ভাঙবে কিংবা শরীরে লাগবে—সেটা নিয়ে আতঙ্কে থাকব, বুঝতে পারছি না।”
স্থানীয়দের দাবি, সাময়িকভাবে সড়কের পাথর সরিয়ে বা দায়সারা সংস্কার করে এ সমস্যার সমাধান হবে না। প্রয়োজন সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কার। বানেশ্বর বাজার রাজশাহী-ঢাকা মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। ফলে দ্রুত সড়কটির সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নান আকন্দ বলেন, দীর্ঘদিনের বৃষ্টির কারণে ঠিকাদাররা কাজ করতে পারছেন না। রাস্তা বেশি খারাপ হয়ে যাওয়ায় কয়েক দফা সংস্কার করা হয়েছে। আবহাওয়া ভালো হলে ঠিকাদাররা পুনরায় কাজ শুরু করবেন।
স্থানীয়রা বলছেন, সড়কটি দ্রুত সংস্কার না করা হলে ব্যবসায়ীদের সম্পদের ক্ষতির পাশাপাশি যেকোনো সময় পথচারী বা ব্যবসায়ী পাথরের আঘাতে গুরুতর আহত হতে পারেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সড়কটি পরিদর্শন করে স্থায়ী ও টেকসই সংস্কারের মাধ্যমে বানেশ্বর বাজারের ব্যবসায়ী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।


