
গঙ্গার পানিবণ্টন নিয়ে আলোচনায় যৌথ নদী কমিশনের ওপর জোর, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণের কথাও স্মরণ করাল দিল্লি
বাংলাদেশের চলমান পরিস্থিতি ও পোশাকশ্রমিকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। একই সঙ্গে সীমান্ত অতিক্রমকারী নদীগুলোর পানিবণ্টন এবং উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফরের বিষয়ে বিদ্যমান কূটনৈতিক কাঠামোর মাধ্যমে এগিয়ে যেতে চায় দেশটি। মঙ্গলবার (৩ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ঢাকায় সাম্প্রতিক পোশাকশ্রমিকদের বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং আমরা সেগুলোর দিকে নজর রাখছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চাই।’
দুই দেশের অভিন্ন নদীগুলোর পানিবণ্টন, বিশেষ করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ ধরনের আলোচনা নির্ধারিত দ্বিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমেই এগিয়ে নেওয়া হবে।
তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে একটি যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সব সীমান্ত অতিক্রমকারী নদী নিয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক কাঠামো।’
এদিকে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানোর কথা স্মরণ করিয়ে দেন জয়সওয়াল।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে পরে জানানো হবে।’
এদিকে বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন মঙ্গলবার চতুর্থ দিনে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের বিক্ষোভসহ দেশের সামগ্রিক পরিস্থিতি ভারতের পর্যবেক্ষণে থাকার কথা জানালেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
সূত্র: এএনআই


