
বাংলাদেশ ব্যাংক এ সাম্প্রতিক সৃষ্ট পরিস্থিতিকে দুর্ভাগ্যজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি এ ঘটনাকে বর্তমান সরকার সমর্থিত ‘মব কালচারের’ আনুষ্ঠানিক সূচনা বলে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বুধবার বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ডা. শফিকুর রহমানের ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো দায়িত্বশীল ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারও নেই। তিনি দাবি করেন, দেশের অর্থনীতি আগে থেকেই সংকটাপন্ন অবস্থায় রয়েছে; এর মধ্যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা চলতে থাকলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।
তিনি আরও বলেন, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ‘মব’ তৈরি করে দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে অপতৎপরতার ঘটনা ঘটছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। পাশাপাশি দলীয় আনুগত্যের পরিবর্তে যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।


