
নিজস্ব প্রতিবেদনঃ দেশে ক্রমেই বাড়ছে বজ্রপাতের ঝুঁকি। প্রাণহানির পাশাপাশি ফসল, জীববৈচিত্র্য ও পরিবেশের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে। এমন বাস্তবতায় বজ্রপাতের ঝুঁকি কমানো এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে আইসিটি স্নাতক ও চাকরিজীবীদের পেশাজীবী সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি)। এর অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তালগাছের চারা রোপণ করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় রুয়েটের প্রধান ফটকসংলগ্ন চত্বরে তালগাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। আইসিটিইএসবির রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক।

পরিবেশ সুরক্ষায় তালগাছ রোপণের গুরুত্ব
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (সিজিইডি) নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল ওয়াহাব।
আইসিটিইএসবি রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌশলী জুনায়েদ আহমেদের সভাপতিত্বে কর্মসূচি পরিচালনা করেন সংগঠনটির মহাসচিব ও রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. ফিরোজ আলী।
আয়োজকরা জানান, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে তালগাছসহ দেশীয় বৃক্ষের সংখ্যা বাড়ানো প্রয়োজন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার বিষয়ে সচেতনতা তৈরি হবে।
শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ
কর্মসূচিতে রুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের সহকারী অধ্যাপক মো. ইয়াকুব আলী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক অলোক কুমার পাল, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরামের রিয়াদ খান রাতুল, মো. লাবলু ও আফ্রিদী খানসহ রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি মোকাবিলা এবং দেশীয় বৃক্ষ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তালগাছের চারা রোপণ কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতা করে সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি)। আয়োজকরা জানান, পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।


