
বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ড্রেন সংস্কারকাজের সময় উদ্ধার করা হয়েছে ৩৩৪ রাউন্ড তাজা গুলি। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া জিলা স্কুলের সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় সিটি কর্পোরেশনের ড্রেন খননকালে শ্রমিকরা এসব গুলির সন্ধান পান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জিলা স্কুলের দেয়াল ঘেঁষে ড্রেন নির্মাণের জন্য মাটি কাটার সময় শ্রমিকদের নজরে আসে মাটির গভীরে থাকা ধাতব বস্তু। পরে মাটি সরিয়ে সেখানে সারিবদ্ধ ও কুণ্ডলী পাকানো অবস্থায় বিপুল পরিমাণ গুলি দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো উদ্ধার করে এবং গণনায় মোট ৩৩৪ রাউন্ড গুলি পাওয়া যায়।

উদ্ধার হওয়া এসব গুলি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার, নাকি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকালে থানা থেকে লুট হওয়া—তা নিয়ে সৃষ্টি হয়েছে কৌতুহল।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম আলী জানান, গুলির উৎস চিহ্নিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত শুরু করেছে পুলিশ।


