
রাজশাহীর পবা-মোহনপুর এলাকায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে কোনো ব্যক্তি অর্থ দাবি করলে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখার নির্দেশ দিয়েছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানান, এ প্রক্রিয়ায় কোনো ধরনের ঘুষ বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।
বুধবার ( ২৫ মার্চ ২০২৬) দুপুরে বিসিক এলাকায় তার দলীয় কার্যালয়ে পবা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি মিলন বলেন, ভবিষ্যতে সব ধরনের লেনদেন ফ্যামিলি কার্ডের মাধ্যমেই সম্পন্ন হবে। কোনো সাধারণ ব্যক্তির মাধ্যমে নয়, বরং সরকারি কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, পৌরসভা বা ইউনিয়ন পরিষদের মাধ্যমেই ফ্যামিলি কার্ডের ফরম বিতরণ করা হবে।
তিনি আরও জানান, ধীরে ধীরে নগদ টাকার প্রচলন কমিয়ে এনে ফ্যামিলি কার্ড বা স্মার্ট কার্ডের মাধ্যমে সব ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হবে। এতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং দুর্নীতির সুযোগ কমে আসবে।
সংসদ সদস্য প্রতিশ্রুতি দেন, তিনি জাতীয় সংসদে পবা-মোহনপুরসহ রাজশাহী ও দেশের মানুষের মৌলিক বিষয়গুলো তুলে ধরবেন। পাশাপাশি আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমান-এর হাতকে শক্তিশালী করতে তিনি জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
পবা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের এ কর্মী সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী। এছাড়াও রাজশাহী জেলার বিভিন্ন ওয়ার্ডের মহিলা দলের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।


