
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন এবং খাদ্যপণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, একটি বিস্কুট ফ্যাক্টরিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগ পাওয়া যায়। একই সঙ্গে সেখানে উৎপাদিত কেকের মোড়কে পণ্যের ওজন, পরিমাণ, উপাদান ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বানেশ্বর এলাকার হুমাইদ স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের মান ও মূল্যসংক্রান্ত অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


