
রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকায় নেশার টাকার জন্য মা ও ছোট ভাইকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে মেহেদী হাসান ওরফে মুন্না (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হামলায় ব্যবহৃত বঁটিও উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মুন্না মেহেরচন্ডী উত্তরপাড়ার মৃত আবদুর রহিমের ছেলে।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেশার টাকার জন্য মুন্না তাঁর মা মনোয়ারা খাতুন ওরফে টুলু (৫৫) এবং ছোট ভাই মৃদুলকে (২৮) ধারালো বঁটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

ঘটনার খবর পেয়ে চন্দ্রিমা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে আহত মা ও ভাইকে উদ্ধার করে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা মুন্নাকে মারধর করে। পরে পুলিশ হামলাকারীসহ আহত তিনজনকেই উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আহত মনোয়ারা খাতুনের মেয়ে বাদী হয়ে গত রাতে চন্দ্রিমা থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে মুন্নাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হলে তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে ভুক্তভোগীদের মৃত্যুর বিষয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আরএমপি। পুলিশের ভাষ্য, আহত মা ও ভাইয়ের মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার না করতে সবাইকে অনুরোধ করেছে পুলিশ।


