
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ তিন জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫ ব্যাটালিয়ন ঢাকা। সীমান্ত সুরক্ষার পাশাপাশি নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে দেশব্যাপী বিজিবির সদস্যরা মোতায়েন থাকবেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে নির্বাচনকালীন মহড়া শেষে এসব তথ্য জানান বিজিবি ৫ ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।
তিনি বলেন, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৩৮ প্লাটুন মোতায়েন করা হবে।
বিজিবি ৫ এর অধিনায়ক বলেন, আগামী ২৯ জানুয়ারি থেকে নির্বাচনকালীন বিশেষ মোতায়ন কার্যক্রম শুরু হবে।
নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (আরএটি), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিষয়ে তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে বডিঅন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসি ও আধুনিক সিগন্যাল সরঞ্জাম ব্যবহার করা হবে। পাশাপাশি নির্বাচন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজিবির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।
জাল ভোট রোধে বিজিবির ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোনো কেন্দ্রে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে প্রিজাইডিং অফিসার অবহিত করবেন। পরিস্থিতি অবনতির দিকে গেলে সঙ্গে সঙ্গে বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।


