
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় ফারুক হোসেন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।নিহত ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফারুক হোসেন চার্জারভ্যান চালিয়ে সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় রাজশাহীগামী ‘গীত পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে তাঁর ভ্যানটিকে চাপা দেয়।
এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ফারুক হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।


