
স্টাফ রিপোর্টার: রাকিবুল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরুইল ইউনিয়নে গত ১৯ মাসে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এক সাক্ষাৎকারে জানান, স্থানীয় অবকাঠামো উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে ইউনিয়ন পরিষদ।

তিনি বলেন, ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাস্তা নির্মাণ ও সংস্কার, ড্রেন নির্মাণ, পুকুরে প্রটেকশন ওয়াল নির্মাণসহ একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া পালশা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ করে শিক্ষার পরিবেশ উন্নত করা হয়েছে।
চেয়ারম্যান আরও জানান, বাস্তবায়িত প্রকল্পগুলোর পাশাপাশি বর্তমানে ছোট ছোট আরও বেশ কিছু উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে, যার অনেকটাই ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি দাবি করেন, ইউনিয়ন পরিষদের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সহায়তা প্রদান, ভিজিএফের চাল সঠিকভাবে বিতরণসহ সরকারি নির্দেশনা অনুযায়ী সকল দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণের সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইউনিয়ন পরিষদ।
চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে আমরা সবসময় আন্তরিক। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”


