
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ রয়েছে। কোনো সংকট হবে না। দাম বৃদ্ধির সিদ্ধান্ত এখনই না। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে ক্রেতারা প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করায় সরবরাহ করতে কিছুটা দেরি হচ্ছে।
তিনি দেশবাসীর প্রতি সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অতিরিক্ত তেল সংগ্রহ না করলেই সরবরাহ স্বাভাবিক থাকবে। সবাই প্রয়োজন অনুযায়ী তেল পাবেন, শঙ্কার কোনো কারণ নেই।
মন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক সময়ে তেল কেনার প্রবণতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যা সরবরাহ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে। আমরা বারবার বলছি তেল আছে, সবাই তেল পাবেন। কিন্তু অতিরিক্ত কেনাকাটার কারণে পাম্পে আগেই তেল শেষ হয়ে যাচ্ছে।
ঈদের ছুটিতে ব্যাংক এবং ডিপো বন্ধ থাকায় পেমেন্ট জটিলতায় তেলের সাময়িক সংকট হয়। তবে পাম্প কর্তৃপক্ষ আশা করছে, ব্যাংকিং কার্যক্রম আজ স্বাভাবিক হলে সংকট অনেকটাই কেটে যাবে।


