
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার–পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উদ্যোগে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুর ২টায় দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন।

দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং দুর্গাপুর পৌরসভার প্রশাসক লায়লা নূর তানজুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসময় ড্রেন পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণে কর্মসূচি পালন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পৌরসভার প্রশাসক লায়লা নূর তানজু বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। পরিষ্কার–পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে স্কুল, কলেজ, হাসপাতালসহ পৌর এলাকার প্রতিটি মহল্লায় এই কার্যক্রম পরিচালনা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা বলেন, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রশাসন ও পৌরসভা যৌথভাবে কাজ করে যাচ্ছে। মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ জনগণকেও নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
কর্মসূচি শেষে পৌর এলাকার বিভিন্ন স্থানে মশা নিধন কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়।


