
আব্দুল্লাহ আল শামস, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার ৭নং জয়নগর ইউনিয়নের দাওকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামী জয়নগর ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার এজাজুল হকের সভাপতিত্বে এবং হাফেজ রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মনজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মনজুর রহমান বলেন, “শিসাঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দ্বীনের বিজয় সম্ভব। সমাজে ন্যায়, ইনসাফ ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার নায়েবে আমীর ও দুর্গাপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও মানবকল্যাণের শিক্ষা দেয়। এই মাসের শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মু. শামীম উদ্দিন, প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক মসির উদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি মায়েন উদ্দিন, দাওকান্দি ওয়ার্ড সভাপতি মোকাররম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাওলানা মনজুর রহমান সম্প্রতি নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ব্রক্ষ্মপুর গ্রামের আলিমন বেগম ও তার পুত্র রেশমা বেগমের খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান। এ সময় তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং মানবিক সহায়তা হিসেবে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


