
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কেটে বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। শনিবার (১১ জানুয়ারি ২০২৬) বিকাল ৬টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে কিসমত গণকৈড় ইউনিয়নের উজানখলসী পূর্বপাড়া এলাকায় পরপর দুই স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে একটি এস্কেভেটর অকেজো করে দেওয়া হয় এবং এর ব্যাটারি ধ্বংস করা হয়। এছাড়া মাটি কাটার সাথে জড়িত ভ্যাকু চালক মো. সাইফুল ইসলাম ও আরিফুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়। এসময় সঙ্গে থাকা ১৮ বছরের নিচে চারজন কিশোরকে ভবিষ্যতে এ ধরনের কাজে সম্পৃক্ত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
মোট ২টি মামলা দায়ের করা হয় এবং ২ জন অভিযুক্ত ব্যক্তিকে দণ্ড প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাইলা নূর তানজু। তিনি বলেন,“কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়া পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। কেউ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”


