
ভারতের রাজধানী দিল্লিতে ধর্নায় বসার পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টিভি৯। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাসভবনের সামনে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী দোলা সেন ও নেতা ডেরেক ও’ব্রায়েনসহ অন্যরা।

খবরে বলা হয়, দিল্লি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের ধর্না প্রত্যাহার করে সেখান থেকে সরে যেতে বলেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সঙ্গে থাকা তৃণমূল নেতারা ধর্না অব্যাহত রাখেন। এরপরই তাদের আটক করা হয় বলে টিভি৯-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে।
তবে আটকের বিষয়ে দিল্লি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য কিংবা অন্য নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।


