
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (১৭ আগস্ট) সকালে বেসরকারি বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি গোদাগাড়ী উপজেলায় বিএমডিএর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের কবর জিয়ারত করেন। পরে বিএমডিএর প্রধান কার্যালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
প্রধান কার্যালয়ে পৌঁছালে বিএমডিএর কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নবনিযুক্ত নির্বাহী পরিচালককে বরণ করে নেন। বিভিন্ন সংগঠন ও কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকেও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জাহাঙ্গীর আলম খান বলেন, বিএমডিএ শুধু একটি প্রতিষ্ঠান নয়; বরেন্দ্র অঞ্চলের কৃষক ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া তাঁর জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্বেরও।
তিনি বলেন, ‘আমি বিএমডিএর সব কর্মকর্তা-কর্মচারীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে কৃষকবান্ধব কার্যক্রম জোরদার করা, সেচ ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করা এবং বরেন্দ্র অঞ্চলের মানুষের জন্য নিরাপদ ও পরিকল্পিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা।’
বিএমডিএর নির্বাহী পরিচালক আরও বলেন, বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদনের অন্যতম প্রধান ভিত্তি সেচ। তাই ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ পানির সমন্বিত ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে হবে। সেচ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পানির অপচয় রোধ ও সৌরশক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে কৃষকদের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠানের প্রতিটি পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে বিএমডিএ আরও শক্তিশালী ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে। এর সুফল সরাসরি বরেন্দ্র অঞ্চলের কৃষক ও সাধারণ মানুষ পাবেন।
তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করে বিএমডিএকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি বিএমডিএর প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের অবদানের কথা স্মরণ করেন এবং বর্তমান চেয়ারম্যান ও উপদেষ্টা রিহান আসিফ আসাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়
দায়িত্ব গ্রহণের পর সোমবার দুপুরে বিএমডিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন নবনিযুক্ত নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম খান। সভায় সভাপতিত্ব করেন বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম।
সভায় বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, মো. নাজিরুল ইসলাম, মো. জিন্নুরাইন খান, মো. শিবির আহমেদ, মো. মনিরুজ্জামান মনির ও মোসা. রুবিনা খাতুন; নির্বাহী প্রকৌশলী ও সচিব মো. এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, মো. তোফাজ্জল আলী সরকার, মো. তরিকুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. আতিকুর রহমান ও মো. সৈয়দ জিল্লুর বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজ(২০৮৮) সিবিএর সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান ফারুক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রাহাত পারভেজ ও সাধারণ সম্পাদক সামসুল আলমসহ বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার, সহকারী প্রকৌশলী ও উচ্চতর উপ-সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ আগস্ট ২০২৬ তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. জাহাঙ্গীর আলম খানকে কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএমডিএর নির্বাহী পরিচালক পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।


