
ঢাকা-১৫ আসনের বাসিন্দাদের পানির সংকট নিরসনে ভুক্তভোগীদের সঙ্গে মতবিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতর আমির ডা. শফিকুর রহমান।সোমবার (১১ মে) রাত ৮ টার দিকে মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর, কাফরুলের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং উপস্থিত ভুক্তভোগী জনগণের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগীরা বলেন, পানির তীব্র সংকটে আমাদের এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। নিত্য দিনের গোসল, প্রাকৃতিক প্রয়োজন মিটানোর মতো পানীয়ও আমরা পাচ্ছি না। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পরে এই সংকট তীব্র আকার ধারণ করেছে। স্বার্থান্বেষী মহলের হীন উদ্দেশ্য সাধনের জন্য এখানে কৃত্রিম সংকট সৃষ্টি করা হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেন।
জামায়াত আমির ভুক্তভোগী জনগণের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি ব্যক্ত করে এলাকার সব সমস্যা সমাধানকল্পে জনগণের পাশে থাকবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা ও মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক।
মনিপুর এলাকা থেকে অংশগ্রহণ করেন পূর্ব মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি সরোয়ার আলম, কাঁঠালতলা বাড়ি মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, মনিপুর বাড়ি মালিক সমিতির সভাপতি ফজলুল হক, ইব্রাহিমপুর আদর্শ পল্লীবাড়ি মালিক সমিতির সভাপতি আজিম উদ্দিন, উত্তর কাফরুলের বাসিন্দা আল মামুন, ইব্রাহিমপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা মাহাবুবুর রহমান।

