
বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বকে সময়ের দাবি হিসেবে আখ্যা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বেবী নাজনীন। শনিবার (৭ জানুয়ারি) ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
দিনভর গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে বেবী নাজনীন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শন, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্ব এখন অপরিহার্য। দীর্ঘদিন ধরে মানুষ যে বঞ্চনা ও কষ্টের ভেতর দিয়ে যাচ্ছে, সেখান থেকে মুক্তির পথ দেখানোর সক্ষমতা একমাত্র তারেক রহমানেরই রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বেবী নাজনীন আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত একটি বিএনপি সরকারই দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সক্ষম।
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি জানান, একজন শিল্পী হিসেবে সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তবে এবারের উপস্থিতি একজন সচেতন নাগরিক হিসেবে। তার ভাষায়, তারেক রহমান দেশের মানুষের আশা ও প্রত্যাশার প্রতীক।
প্রচারকালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে এলাকা। তারেক রহমানের পক্ষে নানা স্লোগানে জমে ওঠে পুরো নির্বাচনী পরিবেশ।


