
স্টাফ রিপোর্টার : রায়হান মন্ডল
রাজশাহীর তানোরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় তানোরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, তানোর উপজেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার আমীর মাওলানা আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. আব্দুল কাদির, সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজশাহী জেলা ও সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী জেলা পশ্চিম। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুব বিভাগের সদস্য মো. শহিদুল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, তানোর উপজেলা শাখার সভাপতি মো. জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও যুব বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় যুবসমাজের দায়িত্ব, নৈতিকতা, দক্ষতা উন্নয়ন এবং দেশ ও সমাজের কল্যাণে তরুণদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আলমগীর হোসেন বলেন, “যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তরুণদের জ্ঞান, দক্ষতা, সততা ও নৈতিক মূল্যবোধকে কাজে লাগাতে পারলে দেশ ও সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব। তাই তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন ও কল্যাণে তরুণদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। নিজেদের দক্ষতা অর্জনের পাশাপাশি সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে এগিয়ে আসতে হবে।”
সভাপতির বক্তব্যে মো. জুয়েল রানা বলেন, “তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তাদের নৈতিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা দিতে হবে। যুবসমাজকে দেশ ও মানুষের কল্যাণে নিয়োজিত করার মাধ্যমে একটি সুশৃঙ্খল ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি বলেন, “আন্তর্জাতিক যুব দিবস শুধু আনুষ্ঠানিকভাবে পালনের দিন নয়; বরং তরুণদের দায়িত্ব, অধিকার ও সম্ভাবনা নিয়ে নতুন করে ভাবার দিন। তরুণদের ঐক্যবদ্ধভাবে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।”
সভায় বক্তারা যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নৈতিক মূল্যবোধ চর্চা এবং দেশ ও সমাজের কল্যাণে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। ২০২৬ সালের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ‘Different Contexts, Common Aspirations’।



