
বাংলাদেশ দলের হয়ে ১১ নভেম্বর কোর্টে নামার অপেক্ষা; গর্বিত স্থানীয় ক্রীড়াঙ্গন
আন্তর্জাতিক টেনিসের মর্যাদাপূর্ণ দলীয় প্রতিযোগিতা ডেভিস কাপে বাংলাদেশের হয়ে খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় মো. রাকীন রহমান রাকীন। আগামী ১১ থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দলের সঙ্গে দেশ ছাড়ছেন তিনি। আন্তর্জাতিক এই আসরে রাজশাহীর একজন খেলোয়াড়ের অংশগ্রহণে স্থানীয় ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে আনন্দ ও গর্বের আবহ।

ভিয়েতনামের ফান থিয়েট শহরের তিয়েন থানহ এলাকায় অবস্থিত নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ডেভিস কাপের এই প্রতিযোগিতা। এতে অংশ নিতে চার খেলোয়াড় ও একজন কোচের সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল রোববার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ভিয়েতনামের উদ্দেশে যাত্রা করবে।
রাকীন রাজশাহীর সন্তান। তিনি রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান।
নিজের অনুভূতি জানিয়ে রাকীন বলেন, ‘এত বড় একটি আন্তর্জাতিক আসরে অংশ নিতে যাচ্ছি, এতে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি সবার কাছে আমার ও আমার দলের জন্য দোয়া চাই। আমরা যেন এ প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করে দেশের সম্মান বয়ে আনতে পারি।’
রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, ‘রাজশাহীর কৃতি সন্তান মো. রাকীন রহমান রাকীনের ডেভিস কাপের মতো আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তার এই অর্জন রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা আশা করি, রাকীন তার মেধা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ভালো পারফরম্যান্স করবে এবং দেশের জন্য সম্মান বয়ে আনবে। আমি রাকীনসহ বাংলাদেশ দলের সকলের সফলতা কামনা করছি।’
রাজশাহীর এই তরুণ খেলোয়াড়ের আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণকে স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য সম্ভাবনাময় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের প্রত্যাশা, ডেভিস কাপে ভালো পারফরম্যান্সের মাধ্যমে দেশের পাশাপাশি রাজশাহীর নামও উজ্জ্বল করবেন রাকীন।


