
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান জাতীয় ঐক্যের নতুন ভিত্তি তৈরি করেছে উল্লেখ করে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। জাতিকে বিভক্ত করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহীর পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মিলন বলেন, ছাত্র-জনতার দাবি সংবলিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের জনগণ বর্তমান সরকারের ওপর রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব অর্পণ করেছে, তা শপথ অনুযায়ী পালন করা হবে।
দেশের অর্থনৈতিক বাস্তবতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, জাতীয় রাজকোষে অর্থসংকট এবং ঋণের চাপ উন্নয়ন কর্মকাণ্ডে প্রভাব ফেলেছে। পাশাপাশি প্রশাসনের অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে বিভিন্ন ক্ষেত্রে কাজের গতি কমে গেছে। তবে সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, এ লক্ষ্যে ছাত্র, শিক্ষক, পুলিশ, আইনজীবী, বিচারক ও প্রশাসনের কর্মকর্তাসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমপি মিলন বলেন, ‘জুলাই সনদ’-এর ৩৩টি ধারার মধ্যে যেসব বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে, সেগুলো বাদ দিয়ে বাকি বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের আন্দোলনকারীদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে যথাযথ মূল্যায়ন, তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কার এবং বেকারত্ব নিরসনে সরকার অগ্রাধিকার দেবে।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুর আবেদীনের সভাপতিত্বে আয়োজিত সভায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শুধু স্মরণ করার বিষয় নয়; তা প্রশাসনিক কার্যক্রম ও জনসেবায় প্রতিফলিত হওয়া উচিত। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় আইনের শাসন, সুশাসন ও জনসম্পৃক্ত প্রশাসন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে পবা ও মোহনপুর উপজেলার জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।



