
জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় শেখ মোহাম্মদ আশিক নামে এক ছাত্রদল কর্মী আহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।যদিও এ ঘটনায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০০-১৫০ জন আসামি করে মামলা করা হয়। তদন্ত শেষে ১২৭ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ফেরদৌস জামান ২০ এপ্রিল আদালতে এ অভিযোগপত্র জমা দেন।তিনি বলেন, ‘৪০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছি। ১২৭ জন ঘটনার সময় মোহাম্মদপুর এলাকায় ছিল না। তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।’
মামলার এজহার থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই সকাল ৯ টা থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় আন্দোলনকারীরা আন্দোলন করছিল। বেলা পৌনে ৩টার দিকে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ ও গুলিবর্ষণ করা হয়।


