
আমার বাংলাদেশ পার্টির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাঈদ নোমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতির সাহসিকতার ইতিহাস। আহতদের সম্মান জানানো শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব ও ভবিষ্যতের পথে চলার প্রেরণা।” শুক্রবার (২৫জুলাই) সন্ধ্যায় রাজশাহীর মতিহার থানাধীন ধরমপুর এলাকায় আয়োজিত জুলাই মাসের ঐতিহাসিক গণঅভ্যুত্থনে আহত বীরদের সম্মাননা প্রদান এবং মতিহারের জনমানুষের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি পরিচালনা করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) রাজশাহী বিভাগ।


সাঈদ নোমান আরো বলেন, এবি পার্টির রাজনীতি হলো উন্নত, সমৃদ্ধ ও অধিকারভিত্তিক বাংলাদেশ গঠনের রাজনীতি। আমরা বিশ্বাস করি-বাংলাদেশ যদি তার মেধা, সম্পদ ও প্রযুক্তিকে কাজে লাগাতে পারে, তবে বিশ্বের কোনো শক্তিই আমাদের চোখ রাঙাতে পারবে না। দেশের ভবিষ্যৎ নির্ধারণে দরকার বাস্তবভিত্তিক রাজনৈতিক দল ও নেতৃত্ব। এবি পার্টি সেই ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে।
এবি পার্টি রাজশাহী অঞ্চলকে কারিগরি এবং প্রযুক্তিগত ভাবে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানসহ তরুণ প্রজন্মকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে চলেছে বলেও জানান তিনি।
আলোচনা সভায় স্থানীয় জনসাধারণ, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মতবিনিময়ে এলাকার সমস্যাবলি ও সমাধানের উপায় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
মতবিনিসয় সভায় মাইলস্টোন ট্রাজেডি নিয়ে গভীর শোক প্রকাশ করে জুলাই-আগষ্ট গণঅভ্যুথানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং রাজশাহীতে ৫ আগষ্টে গুলিবিদ্ধ দুইজন বীর সৈনিক মাইনুল ইসলাম শিশির এবং মইনুল ইসলামসহ বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।


