
বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং শিক্ষাবৃত্তির জন্য অনুদান বাবদ বাংলাদেশকে মোট ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই আর্থিক সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এই আর্থিক সহায়তার চুক্তির আওতায়, জাপান সরকার বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৪১৮ মিলিয়ন ডলার ডেভেলপমেন্ট পলিসি লোন হিসেবে প্রদান করবে। এছাড়াও, জয়দেবপুর-ঈশ্বরদী রুটকে ডুয়েল-গেজ ডাবল লাইনে উন্নীত করতে টোকিও ৬৪১ মিলিয়ন ডলার ঋণ দেবে। এর পাশাপাশি, শিক্ষাবৃত্তির জন্য বাংলাদেশ জাপানের কাছ থেকে ৪.২ মিলিয়ন ডলার অনুদান পাবে।


