
আবুল কালাম আজাদ, স্টাফ রিপোর্টার
জাতীয়করণসহ শিক্ষক সমাজের বিভিন্ন ন্যায্য দাবিতে রাজশাহীর পুঠিয়ায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় চত্বরে সর্বস্তরের শিক্ষক সমাজের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে চারটি উপজেলার—পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট ও বাঘার—বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ, ২০ শতাংশ বাড়িভাড়া, মাসিক ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের জোর দাবি জানান। একইসঙ্গে ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, বছরের পর বছর শিক্ষক সমাজ অবহেলিত ও বঞ্চনার শিকার হয়ে আসছে। তাই এবার আর চুপ করে থাকা হবে না।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন শিক্ষক জাহাঙ্গীর আলম ও আশরাফুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও রাজশাহী জেলা বৈষম্য বিরোধী শিক্ষক-কর্মচারী ফোরামের আহ্বায়ক মোঃ সিরাজুল হক। তিনি বলেন, “আমরা রাজপথে নেমেছি ন্যায্য দাবি আদায়ের জন্য। সরকার যদি দ্রুত ইতিবাচক পদক্ষেপ না নেয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আঃ হামিদ, জিয়া পরিষদের পুঠিয়া উপজেলার আহ্বায়ক মোঃ নাজমুল হোসেন মুক্তা, ফোরামের সভাপতি মোঃ শেখ ইব্রাহিম বাবু, শলুয়া কলেজের উপাধ্যক্ষ মোঃ আবু মিল্লাত দুলু এবং বালেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ আলী।
এছাড়া বক্তব্য রাখেন চারঘাট আলহাজ্ব আঃ হাদী কলেজের প্রভাষক মোছাঃ নার্গিস খাতুন, জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক মোঃ জিয়াউর হক রতন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, নন্দনগাছি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ডঃ মাসাদুজ্জামান এবং উপদেষ্টা গোলাম কিবরিয়া টুটুল। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন।
বক্তারা শিক্ষক সমাজের অধিকার রক্ষা, শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, জাতীয়করণ, এবং রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গঠনের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার কাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষক সমাজকে যথাযথ মর্যাদা দিতে হবে। সমাবেশে উপস্থিত শিক্ষকরা ঐক্যবদ্ধ কণ্ঠে সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, ন্যায্য দাবি আদায়ে প্রয়োজনে রাজপথ আরও উত্তপ্ত করা হবে। এসময় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ের আন্দোলনে একসাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


