
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে বিভিন্ন পদের জন্য মোট ১৭৯ জন প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম শুক্রবার বিকেলে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চূড়ান্ত তালিকায় ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ১০ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন প্রার্থী রয়েছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৮৬ জন প্রার্থী তাদের আবেদন প্রত্যাহার করে নেন, এবং অসঙ্গতির কারণে আরও ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

অধ্যাপক রাশিদুল আলম আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে এবং এই ঘোষণার মাধ্যমে আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মোট ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


