
রাজশাহীতে জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কেন্দ্রীয় কর্মশালায় জলাশয় রক্ষা ও টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী।

শনিবার (৯ মে) নগরীর শাহ্ ডাইন কনভেনশন হলে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বিল ও জলাভূমিগুলো শুধু মাছের উৎস নয়, এগুলো জীববৈচিত্র্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। জবই বিল ও আশপাশের বিলগুলোকে রক্ষা করতে হলে স্থানীয় জনগণ, জেলে সম্প্রদায় এবং প্রশাসনের সমন্বিতভাবে কাজ করতে হবে।
মহাপরিচালক জিয়া হায়দার আরো বলেন, অবৈধ জাল ব্যবহার, অপরিকল্পিত মাছ শিকার ও জলাশয় দখলের কারণে প্রাকৃতিক মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনার বিকল্প নেই। সরকার মৎস্যসম্পদ সংরক্ষণ ও জেলেদের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালক সাইফুদ্দিন ইয়াহিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য পরিকল্পনা ও জরিপ শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সাহেদ আলী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য পরিকল্পনা-৩ শাখার উপসচিব সুজয় চৌধুরী।
বক্তারা বলেন, জবই বিলসহ পার্শ্ববর্তী বিলগুলোতে টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং জেলেদের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে। এ সময় মাছের প্রজনন ক্ষেত্র সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় অংশীজনেরা উপস্থিত ছিলেন। জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালকের কার্যালয় এবং মৎস্য অধিদপ্তর, রাজশাহী বিভাগ যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে।


