
মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর চারঘাটে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের রাজনীতিতে বিএনপির ভূমিকা তুলে ধরেন।

সমাবেশে বক্তব্যে আবু সাইদ চাঁদ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান। দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার কথাও বলেন তিনি।
এ কর্মসূচিতে চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুলসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চারঘাট পৌর বিএনপির নেতাকর্মী এবং বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলা ও পৌর বিএনপিসহ সকল সহযোগী ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।


