
আমির হামজা, চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর বুধিরহাট কলেজে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে উৎসাহিত করতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের জীববিজ্ঞানের প্রদর্শক নজরুল ইসলাম বাচ্চু অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে সভাপতিত্ব করেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হক সজীব। স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাওয়াবুর রহমান।
অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন, বুধিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিম উদ্দিন, ৮ নম্বর ইউপি সদস্য ও কলেজের সাবেক শিক্ষার্থী সাহাকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ডাকরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী হাসানসহ শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোজাম্মেল হক সজীব বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা যেন নিয়মিত পড়াশোনায় ফিরে আসে, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কলেজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের মাধ্যমে শিক্ষার পরিবেশ আরও উন্নত করা হবে।
তিনি শিক্ষকদের নিয়মিত ও যথাসময়ে কলেজে উপস্থিত হয়ে পাঠদানে মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনের সহযোগিতা কামনা করেন।
সমাবেশ শেষে নিয়মিত কলেজে উপস্থিত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কার ও উপহার দেওয়া হয়।
অভিভাবকরা কলেজের শিক্ষার পরিবেশ ও ফলাফল উন্নয়নে কর্তৃপক্ষের উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে অংশগ্রহণ নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন।


