
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বদরবারে দ্রুত পরিচিতি লাভ করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, কাবাডির মতো গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাকে আরও প্রসারিত করা গেলে রাজশাহীসহ সমগ্র বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে পরিচিতি লাভ করবে। রোববার বিকেলে পবার বড় বাড়িয়ায় আয়োজিত কাবাডি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মিলন বলেন, বর্তমান শিক্ষানীতিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণি থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; গান, কবিতা, হামদ-নাতসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, কারিগরি শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে এই তরুণদের মধ্য থেকেই জাতীয় নেতৃত্ব এবং দক্ষ ক্রীড়া সংগঠক তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নারীদের কল্যাণে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে এমপি মিলন জানান, প্রতিটি গৃহিণীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের কার্যক্রম ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ৬৬৯ জন গৃহিণীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে প্রকল্পটির সূচনা করা হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে এলাকার সব গৃহিণীর কাছে এ সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
বক্তব্যে তিনি বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি, ডিয়েগো ম্যারাডোনা, নেইমার ও পেলে-এর উদাহরণ তুলে ধরেন। পাশাপাশি দেশীয় ক্রীড়াঙ্গনের গর্ব মাশরাফি বিন মর্তুজা এবং নাজমুল হোসেন শান্ত-এর সাফল্যের কথাও উল্লেখ করেন। এছাড়া জাতীয় কাবাডি দলের সাবেক অধিনায়ক রশোর অবদানের কথাও স্মরণ করেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা উল্লেখ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানান এমপি। তিনি বলেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
পরে তিনি টুর্নামেন্টের বিজয়ী ও রানার-আপ দলের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
দিনব্যাপী আয়োজিত এই কাবাডি টুর্নামেন্টে ছেলে ও মেয়ে—দুই বিভাগে মোট আটটি দল অংশ নেয়। প্রতিযোগিতার উভয় বিভাগেই রাজশাহী চ্যাম্পিয়ন এবং জয়পুরহাট জেলা রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।
বড় বাড়িয়া রজনী ক্লাবের সভাপতি মিনারুল ইসলাম মুনসুর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, সুলতান আহমেদ, নাজিমুদ্দিন, শাহিন রেজা সান্নান, রবিউল আওয়াল এবং হাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।


