
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় নগরীর সোনাদিঘি মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া করা হয়।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট ও জয়নাল আবেদীন শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এ ছাড়া মহানগর বিএনপির অন্তর্গত বিভিন্ন থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


