
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠান পালনে দেশকে নিরাপদ করা হবে। তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ উপাসনালয়ে স্বাধীনভাবে উপাসনা করবে—এতে বাধা দেওয়ার অধিকার কারও নেই।

শুক্রবার লক্ষ্মীপুরে আয়োজিত জামায়াতের নির্বাচনী সভায় তিনি বলেন, দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক বন্দোবস্ত দেশকে ফ্যাসিবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির দিকে ঠেলে দিয়েছে। জনগণের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের আস্থা পেলে তারা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করবে না। দুর্নীতি, চাঁদাবাজি ও হয়রানিমূলক মামলার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেন তিনি।
নারী নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, মা-বোনদের ওপর হামলা এই জাতি কখনো মেনে নেয়নি। জামায়াত সুযোগ পেলে নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ দেওয়া হবে।
সংখ্যালঘুদের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, অমুসলিম নাগরিকদের সম্মানের সঙ্গে বুকে টেনে নেওয়া হবে এবং অতীতে তাদের ওপর সংঘটিত নির্যাতনের বিচার নিশ্চিত করা হবে।
এছাড়া লক্ষ্মীপুরের উন্নয়ন প্রসঙ্গে তিনি মেঘনা নদীর বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, দায়িত্ব পেলে চুরির পথ বন্ধ করে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা হবে।


