
নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি ক্লিনিক থেকে চিকিৎসাধীন অবস্থায় সাথি আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শহরের ‘ডক্টরস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি ক্লিনিকে এ ঘটনা ঘটে।নিহত সাথি আক্তার শহরের মুন্সিপাড়া নিম বাগান এলাকার রায়হান ইসলাম সোহাগের স্ত্রী।

ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, শনিবার ভোর ৪টা ৪৬ মিনিটে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে তাকে নিয়ে এসে এই ক্লিনিকে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর কর্তব্যরত নার্সরা আগের চিকিৎসা অনুযায়ী স্যালাইন ও ওষুধ চালু রাখেন। এ সময় রোগীর স্বামী রায়হানুল ইসলাম রোগীর সঙ্গে অবস্থান করে নাস্তা আনতে বের হয়ে যান। পরে সকাল সাড়ে ৮টার দিকে এসে রোগীর সঙ্গে কথা বলে পুনরায় বাইরে চলে যান। এ সময় রোগী কক্ষে একাই ছিলেন।
পরে নিয়মিত পরিদর্শনের সময় রোগীর কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বামীর উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রোগীকে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
এ বিষয়ে নিহত সাথি আক্তারের স্বামী রায়হানুল ইসলাম সোহাগ ও তার স্বজনরা কেউ কোনো মন্তব্য করতে চাননি। এ কারণে তাদের কোনো মন্তব্য জানা যায়নি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


