
তওবা করে ক্ষমা চাইতে বললেন বেরেলির এক ধর্মীয় নেতা
ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরে গিয়ে পূজা-অর্চনা ও প্রার্থনা করায় বলিউড অভিনেত্রী সারা আলি খানের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন উত্তর প্রদেশের বেরেলির এক ধর্মীয় নেতা। একই সঙ্গে ইসলামী শরিয়াহর ব্যাখ্যা তুলে ধরে তাঁকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করার পরামর্শ দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অল ইন্ডিয়া মুসলিম জামাতের জাতীয় সভাপতি মাওলানা মুফতি শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সারার কেদারনাথ সফরের সমালোচনা করেন। তাঁর দাবি, সম্প্রতি মন্দিরে সারার যাওয়ার ছবি প্রকাশ্যে আসার পর অনেক তরুণ মুসলিম এ বিষয়ে তাঁর কাছে ধর্মীয় ব্যাখ্যা ও মতামত জানতে চেয়েছেন।
মুফতি শাহাবুদ্দিন রাজভি বলেন, ইসলামী শরিয়াহ অনুযায়ী কোনো মুসলিম নারী বা পুরুষের অন্য ধর্মের উপাসনালয়ে গিয়ে পূজা-প্রার্থনা কিংবা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়া ‘নাজায়েজ ও হারাম’। তাঁর ভাষ্য, সারা আলি খান স্বেচ্ছায় কেদারনাথ মন্দিরে গিয়ে পূজা করে থাকলে তা গুনাহের কাজ। এ জন্য তাঁকে আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইতে হবে।
কেদারনাথ মন্দিরের সঙ্গে সারা আলি খানের সম্পর্ক অবশ্য নতুন নয়। অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা সুযোগ পেলেই হিমালয়ের এই তীর্থস্থানে যান বলে বিভিন্ন সময়ে খবর প্রকাশিত হয়েছে।
২০১৮ সালে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সারার। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করে প্রশংসা পান তিনি। ২০১৩ সালে উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের পটভূমিতে নির্মিত হয়েছিল সিনেমাটি। এই ছবির মধ্য দিয়েই কেদারনাথের সঙ্গে সারার বিশেষ আবেগের সম্পর্ক তৈরি হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাম্প্রতিক সফরে সারাকে কেদারনাথ মন্দিরে পূজা দিতে, জল ঢালতে এবং সন্ধ্যার আরতিতে অংশ নিতে দেখা গেছে। কাছের ভুকুন্ত ভৈরব মন্দিরেও ধর্মীয় আচার পালন করেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ফতোয়ার মুখে পড়লেও সারা আলি খান এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি।


