
রাজশাহীর মাছ এবার কার্গো বিমানে সরাসরি বিদেশের বাজারে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য রাজশাহী বিমানবন্দর সম্প্রসারণ করে মাছ রপ্তানির উপযোগী করার পরিকল্পনার কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, খাল-বিলগুলো মাছ চাষের উপযোগী করে তোলা গেলে রাজশাহীর চাষিরা মাছ রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন।
রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মৎস্য খাতে সবদিক দিয়ে এগিয়ে যাবে। বর্তমানে মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। কোনো কোনো ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় অবস্থানেও রয়েছে। আগামী দিনে এ খাত আরও এগিয়ে যাবে।’
তিনি বলেন, রাজশাহীর আশপাশের খাল-বিলগুলো মাছ চাষের উপযোগী করে তোলা হবে। স্থানীয় চাষিরা মাছ উৎপাদন করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করবেন। এ জন্য রাজশাহীর চাষিদের দেশীয় পদ্ধতিতে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মিজানুর রহমান মিনু বলেন, ‘আপনাদের সন্তানরা এখন পড়াশোনা করছে। অনেকে এমএ পাস, বিএ পাস করছে। অনেকেই বিভিন্ন পেশায় যাবে। পাশাপাশি মাছ চাষও একটি সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে উঠতে পারে।’
অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার আনম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন ও বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এবার জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হচ্ছে।
কর্মসূচির শুরুতে রাজশাহী কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন ভূমিমন্ত্রী। পরে নগরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


