
বিনোদন প্রতিবেদক
পবিত্র নগরী মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ওমরাহ পালনের পর পবিত্র কাবা শরিফের সামনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজের অনুভূতি জানিয়েছেন তিনি। একই সঙ্গে নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশেও দিয়েছেন কড়া বার্তা।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি শেয়ার করেন কেয়া পায়েল। এতে কালো বোরখা পরা অবস্থায় পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন।’

ওমরাহ পালনের এই বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি পোস্টের মন্তব্যের ঘরে নেতিবাচক মন্তব্য না করার আহ্বান জানান তিনি।
নিজের অবস্থান স্পষ্ট করে কেয়া পায়েল লেখেন, ‘কেউ বাজে মন্তব্য করে নিজের নিচু মানসিকতার পরিচয় দেবেন না। আপনার মন্তব্য আপনার রুচি, ব্যক্তিত্ব ও মানসিকতারই পরিচয় বহন করে। তাই অন্যকে ছোট করার আগে নিজের মানসিকতার দিকে একটু নজর দিন।’
তার এই বক্তব্যের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের ধর্মীয় অনুভূতি ও ব্যক্তিগত মুহূর্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তা উঠে এসেছে।
ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পাওয়া কেয়া পায়েল নিয়মিত নাটকে অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় এই অভিনেত্রী।


