
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগ চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক জানান, নির্বাচনী প্রচারণাকালে হঠাৎ তিনি পেটের পীড়াজনিত কারণে অসুস্থতা বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, মুফতি আমির হামজা সম্ভবত ফুড পয়জনিংয়ের কারণে পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালে আসার পর তার কয়েকবার বমি হয়েছে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।
চিকিৎসক আরও জানান, তার ইসিজি করা হয়েছে এবং রিপোর্ট ভালো এসেছে। বর্তমানে তাকে স্যালাইন দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিকেলের দিকে পুরোপুরি সুস্থ বোধ করলে আজই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র (রিলিজ) দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।


