
অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহীতে টাউনহল মিটিং করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। সভায় মাদক, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ টাউনহল মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র্যাব-৫-এর অধিনায়ক খন্দকার মো. মাহমুদুর রহমান।

সভায় বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক প্রচেষ্টায় অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। নিরাপদ সমাজ গড়ে তুলতে জনগণের সচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
টাউনহল মিটিংয়ে মাদকের অপব্যবহার, সাইবার অপরাধ, কিশোর গ্যাং ও যুব অপরাধ, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অপরাধ, ট্রাফিক ও সড়ক নিরাপত্তা, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।
অনুষ্ঠানে র্যাব-৫ একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পাঁচ দফা কর্মপরিকল্পনা উপস্থাপন করে। কর্মপরিকল্পনায় যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালনা, প্রযুক্তিনির্ভর আইন প্রয়োগের মাধ্যমে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা, সাইবার অপরাধ প্রতিরোধে নজরদারি ও তদন্ত জোরদার করা, জনগণের অংশীদারিত্বে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় আরও আলোচনা হয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা জোরদারের বিভিন্ন দিক নিয়ে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, বিজিবি-১ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক ড. মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এতে রাজশাহী কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন। বক্তারা তরুণদের সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি অপরাধ প্রতিরোধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।


