
রাজশাহী নগরের নামোভদ্রা লেকপাড় এলাকার ভূমিহীন ও বস্তিবাসীদের পুনর্বাসন নিশ্চিত না করে উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সাহেববাজার জিরো পয়েন্টে নামোভদ্রা লেকপাড় বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠন, বরেন্দ্র ইউথ ফোরাম ও গ্রিন কোয়ালিশন, রাজশাহীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল— ‘বাসস্থানের অধিকার সাংবিধানিক অধিকার’।
মানববন্ধনে বক্তব্য দেন বরেন্দ্র ইউথ ফোরামের সভাপতি শাইখ তাসনিম জামাল, গ্রিন কোয়ালিশন রাজশাহীর সভাপতি ও নদী-পরিবেশ গবেষক মাহবুব সিদ্দিকী, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম, জুলাই-৩৬ পরিষদের মাহমুদ জামাল কাদেরী, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়াস) রাজশাহীর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সেভ দ্য ন্যাচার লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, নগর দরিদ্র অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নিলুফা ইসমত আরাসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

বক্তারা দাবি করেন, নামোভদ্রা বস্তি এলাকায় প্রায় ২০০ পরিবার তিন দশকেরও বেশি সময় ধরে বসবাস করছে। সম্প্রতি রেলওয়ে কর্তৃপক্ষ ও রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে উচ্ছেদের ঘোষণা দেওয়া হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পুনর্বাসন ছাড়া উচ্ছেদের উদ্যোগকে তারা অমানবিক উল্লেখ করে এর প্রতিবাদ জানান।
ঘণ্টাব্যাপী মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি বক্তারা আরও বলেন, প্রতিবছর বাজেটে বস্তিবাসীদের জন্য বরাদ্দ থাকলেও সেই সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় না। তাই পুনর্বাসন নিশ্চিত না করে কোনো বস্তি উচ্ছেদ না করা, সব বস্তিবাসীর জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন পরিকল্পনা গ্রহণ, পানি, স্যানিটেশন, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দরিদ্র জনগোষ্ঠীর আবাসন অধিকারকে জাতীয় ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।


