
বগুড়ার নন্দীগ্রামে বাড়ি, কর্মজীবনের শুরুতে এসপি পদ থেকে প্রত্যাহার; দায়িত্ব পালন করেছেন ডিএমপি, র্যাব ও হাইওয়ে পুলিশে
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা প্রায় তিন দশকের কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এসআরবির মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে শিল্পাঞ্চল পুলিশের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদার।
ফারুক আহমেদের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৈডালা (রণবাঘা) গ্রামে। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন তিনি।
এসপি হিসেবে দায়িত্ব নেওয়ার ১৭ দিনের মাথায় প্রত্যাহার
২০০৯ সালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ। তবে দায়িত্ব নেওয়ার মাত্র ১৭ দিনের মাথায় তাকে ওই পদ থেকে প্রত্যাহার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, বগুড়ায় বাড়ি হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় তাকে পদোন্নতিবঞ্চিত রাখা হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে পদোন্নতি ও রদবদলের ধারাবাহিকতায় তিনি পুলিশ সুপার থেকে ডিআইজি পদে পদোন্নতি পান।
ডিএমপি, র্যাব ঘুরে হাইওয়ে পুলিশ
ডিআইজি পদে পদোন্নতির পর ফারুক আহমেদ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়।
চলতি বছরের ৪ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তিনি ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর এক মাসের কিছু বেশি সময় পর ৭ জুলাই হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সর্বশেষ মঙ্গলবারের প্রজ্ঞাপনে তাকে এসআরবির মহাপরিচালক হিসেবে পদায়ন করা হলো।


