
জুন মাসের প্রচণ্ড তাপপ্রবাহে ইউরোপের তিন দেশ—ফ্রান্স, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসে অন্তত ৩ হাজার ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। তিন দেশের সরকারি তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র তুলে ধরেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত টানা ৮ দিন ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট এই তাপপ্রবাহটি ইউরোপে এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ। এটি কেবল মানুষের জীবনই কেড়ে নেয়নি, বরং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত করা, অবকাঠামোর ক্ষতি এবং স্বাস্থ্যব্যবস্থাকে পুরোপুরি বিপর্যস্ত করে তুলেছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৃতদের অধিকাংশই আগে থেকেই কোনো না কোনো শারীরিক জটিলতায় ভুগছিলেন। চরম গরম তাদের সেই অসুস্থতাকে আরও বাড়িয়ে দিয়েছিল।
সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ফ্রান্সে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট টেলিভিশনে দেওয়া এক ভাষণে জানান, জুনের ৮ দিনের তাপপ্রবাহে ফ্রান্সে ২ হাজার ২৫টি অতিরিক্ত মৃত্যু হয়েছে। বিশেষ করে ৪৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুর হার ছিল উদ্বেগজনক। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে।
বেলজিয়ামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ থেকে ২৯ জুন পর্যন্ত ১১ দিনে দেশটিতে ১ হাজার ২০০টি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে ৫৩০ জনের বয়স ৮৫ বছরের বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘটনাকে ‘অভূতপূর্ব’ হিসেবে বর্ণনা করে বলেছে, এর আগে কোনো গ্রীষ্মকালে বেলজিয়ামে এত বেশি মৃত্যু দেখা যায়নি।
অন্যদিকে, নেদারল্যান্ডসে তাপপ্রবাহের কারণে ৪৮০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এদের অধিকাংশের বয়স ছিল ৮০ বছরের ঊর্ধ্বে।
ইউরোপের আবহাওয়া ও জলবায়ুবিদরা সতর্ক করে বলেছেন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণেই এ ধরনের চরম তাপপ্রবাহের পুনরাবৃত্তি ঘটছে।


