
১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু; ১ ডিসেম্বর থেকে চাল, চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত
চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ধান এবং মিলারদের কাছ থেকে ৪৯ টাকা দরে সিদ্ধ চাল কিনবে সরকার। এ ছাড়া প্রতি কেজি আতপ চালের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা। রোববার (৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় ধান, চাল ও গমের সরকারি সংগ্রহমূল্য চূড়ান্ত করা হয়। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

খাদ্যমন্ত্রী জানান, চলতি ২০২৬ সালের আমন মৌসুমে সারা দেশ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে সরকার। সরকারি খাদ্য মজুদ জোরদার ও বাজারে মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, আগামী ১৪ নভেম্বর থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হবে। আর ১ ডিসেম্বর থেকে শুরু হবে চাল সংগ্রহ। উভয় কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
খাদ্য মন্ত্রণালয়ের আশা, নির্ধারিত দামে ধান ও চাল বিক্রি করে কৃষকরা তাঁদের উৎপাদিত শস্যের ন্যায্যমূল্য পাবেন। একই সঙ্গে সরকারি গুদামে পর্যাপ্ত খাদ্যশস্যের মজুদ গড়ে তোলা সম্ভব হবে।


