
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জাতিসংঘ-সমর্থিত শান্তি পরিকল্পনায় সম্মত হলে যুদ্ধ ‘আগামীকালই’ শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। তবে হুথিদের আলোচনার টেবিলে আনতে প্রয়োজনীয় সময় পর্যন্ত সামরিক চাপ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মালিকি বলেন, ইয়েমেন সরকারের অস্থায়ী রাজধানী এডেনকে ঘিরে সৌদি জোট একটি ‘রেড লাইন’ নির্ধারণ করেছে। হুথি যোদ্ধারা শহরটির কাছাকাছি চলে আসায় এডেন রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

হুথিদের সঙ্গে সৌদি জোটের সংঘাত ইয়েমেন যুদ্ধের নতুন করে তীব্রতা বাড়িয়েছে। এতে হাজার হাজার মানুষ নিহত ও লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একই সঙ্গে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা, বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাত এবং লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্ন দেশটির নিরাপত্তা ও অর্থনৈতিক পরিকল্পনায় উদ্বেগ তৈরি করেছে।
মালিকি বলেন, রাজনৈতিক সমাধানই সবচেয়ে ভালো পথ। তবে লক্ষ্য অর্জনে ইয়েমেনের সরকারকে সমর্থন দিতে হবে। হুথিরা যদি জাতিসংঘ-সমর্থিত রোডম্যাপে সম্মত হয়, তাহলে যুদ্ধ আগামীকালই শেষ হতে পারে। তা না হলে তাদের আচরণ পরিবর্তনে বাধ্য করতে সামরিক চাপ অব্যাহত থাকবে।
তিনি জানান, ইয়েমেনি সামরিক ইউনিটগুলোকে ২৪ ঘণ্টা বিমান সহায়তা দেওয়া হচ্ছে। পাশাপাশি হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার, ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ ও ড্রোন (ইউএভি) সক্ষমতা ধ্বংসের লক্ষ্য নিয়ে অভিযান চলছে।
অন্যদিকে, হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেন সরকারকে প্রশিক্ষণ, অস্ত্র ও অর্থ সহায়তা দেওয়ার অভিযোগ তুলেছে। রিয়াদকে এসব সহায়তা বন্ধ করার পাশাপাশি বিমান ও সমুদ্রবন্দরের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে তারা।
ইরান-সমর্থিত হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনর্বহালে ২০১৫ সালে সৌদি আরব আরব জোটের নেতৃত্বে সামরিক হস্তক্ষেপ শুরু করে। দীর্ঘ সংঘাতের পর ২০২২ সালের যুদ্ধবিরতি চলতি বছরের শুরুর দিকে লড়াই পুনরায় শুরু হওয়া পর্যন্ত কার্যকর ছিল।
যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হুথিরা লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকা দখল এবং তাইজ শহর অবরুদ্ধ করে রেখেছে। বর্তমানে তারা এডেন থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছেন মালিকি।
ইয়েমেনে সৌদি স্থলসেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, ইয়েমেনি সরকারি বাহিনীর প্রয়োজনীয় জনবল ও সামরিক সক্ষমতা রয়েছে। তবে সৌদি আরবের দক্ষিণ সীমান্তে হুথিদের অনুপ্রবেশ ঠেকাতে সেনা মোতায়েন করা হয়েছে। সীমান্তের কাছাকাছি যেকোনো হুমকি ধ্বংস করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ইয়েমেনি সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সমন্বয় ও কৌশলগত ঘাটতি নিয়ে কাজ করছে সৌদি জোট। গত তিন মাসে যুদ্ধক্ষেত্রে দুবার ঘাটতি দেখা দেওয়ার কথা ইয়েমেন সরকার স্বীকার করেছে বলে জানান মালিকি। তবে এসব ভুল সংশোধন করে সরকারি বাহিনী পরিস্থিতি সামাল দিতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সূত্র: রয়টার্স


