
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ইরানি জনগণের অবস্থান ও আঞ্চলিক বাস্তবতা স্বীকার করার আহ্বান জানিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ প্রকাশিত প্রতিবেদনে নৌবাহিনীর প্রধানের এ বক্তব্য তুলে ধরা হয়। শাহরাম ইরানি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান স্পষ্ট। যুক্তরাষ্ট্রকে ইরানি জাতির অবস্থান ও বাস্তবতা স্বীকার করতে হবে।
তিনি বলেন, অঞ্চলে আগের মতো নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে আঞ্চলিক বাস্তবতা মেনে নিতে হবে। একই সঙ্গে বিভিন্ন দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে।
মধ্যপ্রাচ্যের দেশগুলো ও সেসব দেশের শাসকদের উদ্দেশে শাহরাম ইরানি বলেন, তারা কোন পক্ষের অবস্থানে রয়েছেন, তা অবশ্যই বুঝতে হবে।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।
ফলে হরমুজ প্রণালি বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে এ নৌপথের ওপর নির্ভরশীল দেশগুলোর জন্য পরিস্থিতি নতুন উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: আল জাজিরা


