
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক কিছু সহিংসতায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ গুরুতর আহত হয়েছেন। কারও মাথায় আঘাত রয়েছে, কারও হাড় ভেঙেছে। অনেকেই চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনকে দীর্ঘ সময় চিকিৎসা নিতে হবে এবং কারও কারও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।
আহত সদস্যদের কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের প্রশংসা করে মন্ত্রী বলেন, চাকরির শুরু থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকেন। শ্রমিক আন্দোলনের সময়ও বাহিনীর সদস্যরা আহত হয়েছেন, কিন্তু তাঁরা আন্দোলনরত শ্রমিকদের আঘাত করেননি। এ ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দেশে চলমান সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তাঁর বার্তা কী—সাংবাদিকদের এমন প্রশ্নে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের কাজই হলো পরিস্থিতি মোকাবিলা করা। দেশে যেকোনো সময় অস্থিরতা সৃষ্টি হতে পারে—এমন বিবেচনা থেকেই পুলিশ ও অন্যান্য বাহিনী দায়িত্ব পালন করে।
দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন পক্ষের কর্মসূচি থাকতে পারে। তবে শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। কিছু শ্রমিক নামধারী ব্যক্তি অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন। তবে তাঁরা সফল হবেন না বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের তৎপরতা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, দেশের দু-একটি স্থানে এ ধরনের মিছিল হয়েছে বলে তিনি শুনেছেন। তবে ঘটনাগুলো বিচ্ছিন্ন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


